যাই যাই শীতের আমেজে জমে
উঠেছে ৪৩তম আন্তর্জাতিক কলিকাতা পুস্তকমেলা। মরশুমটা উৎসবের। সেই উৎসবের আরও একটি
পার্বণ এই বইমেলা। এবং গ্রন্থ প্রকাশ। যদিও গ্রন্থ প্রকাশের বেশির ভাগটাই দখলে
নিয়ে রেখেছে স্বনির্বাচিত কবিতার বই। প্রতিদিনই প্রকাশিত হচ্ছে প্রচুর কবিতার বই।
কবিতা সংকলনের এই সুনামিতে সকলেরই হাসি হাসি মুখের ছবি সোশ্যাল নেটওয়ার্কের নানান
সাইট জুড়ে। আনন্দ আর তৃপ্তির পরিবেশে জমে উঠেছে উৎসব। সেই উৎসবের মধ্যেই প্রকাশিত
হচ্ছে রংরুট দ্বিতীয় বর্ষের চতুর্থ তথা অন্তিম সংখ্যা মাঘ ১৪২৫। কিন্তু অত্যন্ত
দুঃখের সাথেই জানাতে বাধ্য হচ্ছি এই সংখ্যায় আমরা লেখকদের উৎসাহ আগ্রহ থেকে
সম্পূ্র্ণ বঞ্চিত হয়েছি। হয়তো সকলেই এইসময় বইমেলা নিয়ে অতীব ব্যস্ত বলেই সময় মতো
লেখা দিয়ে সহযোগিতা করতে পারেন নি। অনেকেরই এই সময় বই প্রকাশের ব্যস্ততা রয়েছে।
অনেকেই বইমেলা নিয়েও ব্যস্ত। ফলত সময় মতো লেখা না পাওয়ায় রংরুটের বর্তমান সংখ্যাটি
ক্ষীণ কলেবরেই প্রকাশিত করতে বাধ্য হলাম আমরা।
