সম্পাদকের কলমে ~শতবার্ষিকীর অক্টোবর বিপ্লব ও প্রাসঙ্গিকতা


একটি কথা মানতেই হবে, সকল মানুষের জন্যে সমান অধিকার ও সম সুযোগ, এই ধারণাটি মানুষের প্রত্যয়ে গেঁথে দিতে পেরেছিল মহান অক্টোবর বিপ্লবেরই সুদূরপ্রসারী অভিঘাত। বিশ্বের যে কোন প্রান্তেই হোক, আজকের মানুষ এই কথাটি বিশ্বাস করে অত্যন্ত দৃঢ়তার সাথেই। সেই অধিকার ও সুযোগ কে কি ভাবে বাস্তবায়িত করবে, বা আদৌ করতে সক্ষম হবে কিনা, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই ধারণাটির নৈতিকতা নিয়ে আজ আর কেউই কোনভাবেই সন্দিহান নয়। বিগত একশ বছরে এইখানেই অক্টোবর বিপ্লবের প্রাণভোমরা সক্রিয় হয়ে থেকেছে। তাই এই বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে যাঁরা আজ প্রশ্ন তুলতে চান, বুঝতে হবে জীবনবাস্তবতার সাথে তাদের নাড়ীর যোগ বিলুপ্ত। আবিশ্ব ধনতান্ত্রিক অর্থনীতির জৌলুসে বিমুগ্ধ হয়ে আজকের দিনে যারা অক্টোবর বিপ্লবের প্রাসঙ্গিকতাকেই নস্যাৎ করে দিতে চান, বুঝতে হবে তাদেরও চোখ বন্ধ। বন্ধ বিশ্বায়নের ঠুলিতেই। বিশ্বায়নের এই ঠুলির বিরুদ্ধেই সরব হওয়ার সময় এসেছে আজ।~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~